বাংলাদেশ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশ: ২০ মে ২০২৬ ০৪:১৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপাল থেকে দেশে ফেরার পরই তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মে) রাতে মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পিচ্চি রাজার বয়স ২৭ বছর হলেও তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকসহ অন্তত ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি হত্যা মামলা, সাতটি হত্যা চেষ্টা মামলা, চারটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং ১৩টি মাদক মামলা।

ডিসি ইবনে মিজান বলেন, “জেনেভা ক্যাম্পে মাদক বিস্তার ও নিয়ন্ত্রণে পিচ্চি রাজার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেও সে তার নেটওয়ার্ক পরিচালনা করছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।”

তিনি আরও জানান, ইমিগ্রেশন পুলিশ ও বিশেষ শাখার সহায়তায় বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়। এরপর তাকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। পিচ্চি রাজাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মাধ্যমে রাজধানীর মাদক নেটওয়ার্ক ও সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক পাসপোর্ট ছিল কি না এবং তিনি অতীতে কোন কোন দেশে গিয়েছেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, মাদক কারবারে জড়িত কেউ দেশ ছেড়ে পালিয়ে বা আড়ালে থেকে পার পাবে না। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন