বাংলাদেশ

তনু হত্যা মামলা

ডিএনএ পরীক্ষায় পোশাকে মিলেছে ৪ ব্যক্তির নমুনা

প্রকাশ: ১৮ মে ২০২৬ ০৪:১৫

সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

রোববার (১৭ মে) মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনা নিয়ে সিআইডির ফরেনসিক পরীক্ষায় নতুন এই তথ্য পাওয়া গেছে। এর ফলে মামলায় সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

তদন্ত কর্মকর্তা বলেন, “আগে তিনজনের ডিএনএ শনাক্ত হয়েছিল। সর্বশেষ পরীক্ষায় আরও একজনের রক্তের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি অনুসন্ধান করছি।”

তিনি আরও জানান, কয়েক মাস আগে সিআইডির কাছে নমুনা সংক্রান্ত অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। পরে প্রায় এক মাস আগে ফরেনসিক রিপোর্টের এই তথ্য তদন্ত টিমকে জানানো হয়।

তবে তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এটি পুরোপুরি নতুন কোনো ঘটনা নয়। ২০১৭ সালেই তিনজনের ডিএনএ নমুনার তথ্য সামনে এসেছিল। এখন নতুন করে আরেকজনের রক্তের উপস্থিতি শনাক্ত হওয়ায় মামলাটি আরও জটিল হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই দফা ময়নাতদন্ত হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এখনো মামলার বিচার ও প্রকৃত অপরাধীদের শনাক্ত না হওয়ায় ক্ষোভ রয়েছে পরিবার ও সাধারণ মানুষের মধ্যে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন