বাংলাদেশ

হাম পরিস্থিতির অবনতি

২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৫ মে ২০২৬ ১৭:২০

ছবি: সংগৃহীত

দেশে ভয়াবহ আকার ধারণ করছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩০৩ জন শিশু ও রোগী।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার ১৯২ জন। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১১১ জনের শরীরে। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ জনে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জন।

এ সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত সংক্রমণের কারণেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সরকার হাম পরিস্থিতি মোকাবিলায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে টিকার সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ঘাটতি খতিয়ে দেখার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন