সোনিয়া গান্ধী
ভারতের কংগ্রেস পার্টির শীর্ষ নেতা ও রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেদান্তা–দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার (১৩ মে) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে ৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভর্তি হওয়ার পর থেকেই তার কয়েকটি মেডিকেল পরীক্ষা চলছে।
চলতি বছরে এটি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা। এর আগে মার্চ মাসে তীব্র জ্বর ও শারীরিক অসুস্থতার কারণে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসতন্ত্রজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে।
ভারতের রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা নিয়ে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ব থেকে আরো পড়ুন