ধর্ম

হজযাত্রীদের জন্য ২৪ ঘণ্টার বহুভাষিক হটলাইন চালু করলো সৌদি

প্রকাশ: ০৯ মে ২০২৬ ০৩:৫১

ছবি: বায়ান্ননিউজ

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ২৪ ঘণ্টা চালু থাকবে একটি সমন্বিত হটলাইন সেবা, যেখানে ১১টি ভাষায় তথ্য ও সহায়তা পাবেন হজযাত্রীরা।

বৃহস্পতিবার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ বলছে, হজযাত্রীদের ভোগান্তি কমানো, দ্রুত তথ্য সরবরাহ এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, হজ ও ওমরাহ সংক্রান্ত যেকোনো তথ্য, জরুরি সহায়তা কিংবা সেবার অভিযোগ জানাতে এখন থেকে ১৯৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে। কল সেন্টারটি সার্বক্ষণিক চালু থাকবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেবায় আরবি ও ইংরেজির পাশাপাশি বাংলা, উর্দু, তুর্কি, ফরাসি, ইন্দোনেশিয়ানসহ মোট ১১টি ভাষায় সহায়তা দেওয়া হবে। ফলে বিভিন্ন দেশের হজযাত্রীরা নিজেদের মাতৃভাষায় সহজেই যোগাযোগ করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই কল সেন্টারে প্রশিক্ষিত কর্মীরা দায়িত্ব পালন করবেন। উন্নত কল ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ কর্মকর্তার কাছে দ্রুত কল পাঠানো হবে, যাতে হজযাত্রীরা নির্ভুল ও দ্রুত সেবা পান।

হজযাত্রীদের অভিযোগ ও সমস্যা পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

বিশ্লেষকদের মতে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি হজ পালনে সৌদি আরবে যান। ভাষাগত জটিলতা ও তথ্যের ঘাটতির কারণে অনেক সময় হজযাত্রীরা নানা সমস্যায় পড়েন। নতুন এই বহুভাষিক হটলাইন সেই সমস্যা অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে।

সৌদি সরকার বলছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, দ্রুত ও যাত্রীবান্ধব করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।

ধর্ম থেকে আরো পড়ুন