ধর্ম

হজে পতাকা-স্লোগান নিষিদ্ধ

মক্কা-মদিনায় ফিলিস্তিনপন্থি কর্মসূচি ঠেকাতেই কি সৌদির কঠোরতা?

প্রকাশ: ১৭ মে ২০২৬ ২৩:১৪

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে সব ধরনের পতাকা, রাজনৈতিক স্লোগান, ব্যানার ও মিছিল নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ফিলিস্তিনপন্থি বিক্ষোভ বা ইসরায়েলবিরোধী কর্মসূচি ঠেকাতেই এমন কঠোর অবস্থান নিয়েছে রিয়াদ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের সময় পবিত্র স্থানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক বা সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মসজিদুল হারাম, মসজিদে নববী, মিনাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের সমাবেশ, স্লোগান বা পতাকা প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, নিরাপত্তা ব্যারিয়ার অতিক্রম, অনুমতি ছাড়া জমায়েত কিংবা হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বৈধ হজ পারমিট ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

তবে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের বাড়তে থাকা ক্ষোভের প্রেক্ষাপটে সৌদি আরব এবার হজের সময় কোনো ধরনের ফিলিস্তিনপন্থি বিক্ষোভ বা প্রতীকী প্রতিবাদ এড়াতে চায়।

বিশেষ করে অতীতের বিভিন্ন হজ মৌসুমে ফিলিস্তিনের পতাকা, স্লোগান কিংবা রাজনৈতিক বার্তা নিয়ে ছোট ছোট বিক্ষোভ দেখা যাওয়ার পর এবার আগেভাগেই কঠোর অবস্থান নিয়েছে সৌদি প্রশাসন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে বলছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য শুধুই নিরাপত্তা নিশ্চিত করা এবং হজের ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখা।

এরই মধ্যে হজ উপলক্ষে মক্কা ও মদিনাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। হাজিদের শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ধর্ম থেকে আরো পড়ুন