দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন হামের উপসর্গে এবং ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এটি চলমান প্রাদুর্ভাবের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জনের ক্ষেত্রে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে, আর ২৫৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
এ সময়ে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশুর মধ্যে। পাশাপাশি উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪১ হাজার ৭৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হাম-সন্দেহে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু।
গত ২৪ ঘণ্টার হিসাবেও ঢাকা বিভাগই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নতুন করে মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ১২ জনই এই বিভাগের বাসিন্দা।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করা গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একই সঙ্গে পুষ্টিহীনতা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাও শিশু মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন