বাংলাদেশ

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, একদিনে মৃত্যু আরও ১০

প্রকাশ: ০৩ মে ২০২৬ ১৬:৪৪

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার সকাল আটটা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন।

এদিকে সংক্রমণের হারও আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৯৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

চিকিৎসা ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে। এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৯০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন