ছবি: সংগৃহীত
অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানিতে অংশ নিতে সকালে কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। সে সময় শারীরিক অসুস্থতার কারণে প্রথমে আপত্তি তোলা হলেও পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়।
বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাইব্যুনালে হাজিরের বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে আলোচনা হয়। পরে আদালতের কার্যক্রমের স্বার্থে তাকে আদালতে উপস্থিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১১ মার্চ দুই আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে তিনি দাবি করেন, অভিযোগের পক্ষে প্রসিকিউশন যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততারও কোনো তথ্য দেখানো হয়নি।
অন্যদিকে প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্নভাবে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং আন্দোলন দমনে কঠোর অবস্থানের পক্ষে ভূমিকা রেখেছেন। রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ২৩ জন হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি এ মামলায় প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজনীতি থেকে আরো পড়ুন