বাংলাদেশ

সংসদে প্রধানমন্ত্রী

ঢাকার বাইরে মৌলিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হবে

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ১৩:৫৯

সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন তারেক রহমান

রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে দেশের সব অঞ্চলে ধাপে ধাপে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ সেবা ও সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হয়ে গড়ে ওঠায় মানুষ বাধ্য হয়ে রাজধানীমুখী হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম রাজধানীর জনঘনত্ব নিয়ন্ত্রণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, চাকরি, চিকিৎসা, উচ্চশিক্ষা এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই মানুষ ঢাকায় চলে আসে। কারণ দেশের সব এলাকায় এখনো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই সরকার এখন জেলা ও বিভাগীয় পর্যায়ে এসব মৌলিক সেবা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানও রাজধানীর বাইরে সম্প্রসারণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় যদি পর্যাপ্ত কর্মসংস্থান, আধুনিক হাসপাতাল এবং উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাহলে স্বাভাবিকভাবেই ঢাকামুখী মানুষের চাপ কমবে। এতে রাজধানীর যানজট, জনঘনত্ব ও নাগরিক সংকটও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন