দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। একই সময়ে নতুন করে ১২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮ জনে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ হাজার ২৪৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, দেশে নিশ্চিত হামে মারা গেছে ৩৭ জন শিশু। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক সংকেত। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়ানোয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারণ এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন