অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়ার অংশ হিসেবে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম কার্যদিবসে বিলগুলো উত্থাপন করা হয়। পরে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল-২০২৬, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল-২০২৬, আমানত সুরক্ষা বিল-২০২৬, আবগারি ও লবণ বিল-২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিলও পাস হয়েছে।
সংসদের বিশেষ কমিটি এসব বিল অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই বিলগুলো সংসদে উত্থাপন করা হয়।
এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করে সংসদের বিশেষ কমিটি। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করা হয়। ১৫টি অধ্যাদেশ সংশোধন করে পাসের সুপারিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ৪টি অধ্যাদেশ বাতিল এবং আরও ১৬টি বিষয়ে নতুন করে শক্তিশালী আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিটি। সংসদ সূত্রে জানা গেছে, ওই আইনগুলো পরবর্তীতে নতুন বিল আকারে সংসদে আনা হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন