বাংলাদেশ

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন মজুমদার

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ২২:২৬

কামাল উদ্দিন মজুমদার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য পেশা, ব্যবসা বা কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে কামাল উদ্দিন মজুমদার দেশের গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত মুখ। নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য তিনি পেশাদার মহলে বিশেষভাবে সমাদৃত। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়ও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

১৯৮৫ সালে ইংরেজি দৈনিক ‘ডেইলি নিউজ’-এর মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা। পরবর্তীতে তিনি বার্তা সংস্থা ইউএনবি ও বাসসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা কামাল উদ্দিন মজুমদারের পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন