বাংলাদেশ

জ্বালানি সংকটে চাপে অর্থনীতি: অর্থমন্ত্রী

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৮:৪৩

বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমীর খসরু

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থমন্ত্রী জানান, শিল্প উৎপাদন সচল রাখতে জ্বালানি সরবরাহই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ব্যবসায়ী নেতারা বৈঠকে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহারে সরকারি সহায়তা চেয়েছেন।

তিনি আরও বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত সহজ করতে ই-ভিসা চালুর প্রস্তাবও এসেছে। পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার কমানো, কর ব্যবস্থার সংস্কার এবং করের আওতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করা এবং বাণিজ্যে গতি আনতে দ্রুত গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো সরাসরি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তাদের দেওয়া বিভিন্ন প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং অনেক সমস্যার সমাধান ইতোমধ্যে শুরু হয়েছে। বাকি বিষয়গুলো দ্রুত সমাধানে সরকার কাজ করছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রীসহ দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি সংকট দ্রুত নিরসন না হলে শিল্প উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব আরও বাড়তে পারে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন