বাংলাদেশ

রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৭:১৬

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান চালিয়ে ভেতর থেকে পাঁচজনের মরদেহ পাওয়া যায়।

তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তারা নারী না পুরুষ— সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, হঠাৎ করেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা ভয়াবহ আকার ধারণ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করা হবে। দুর্ঘটনার সময় কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন