বাংলাদেশ

সেন্টমার্টিনের আকাশে মিয়ানমারের রহস্যজনক ড্রোন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ১২:৫৪

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের আকাশে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যাওয়ার ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, ড্রোনগুলো মিয়ানমার দিক থেকে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে লাল-সবুজ রঙের দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা ধরে উড়তে দেখা যায়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে আকাশে ড্রোন দুটি অবস্থান করছিল। তার ধারণা, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে এবং সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীর নজরদারির অংশ হতে পারে। তিনি বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জন্য স্পষ্ট নিরাপত্তা সতর্কবার্তা। সীমান্তে নজরদারি আরও জোরদার করা জরুরি।”

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আজিম বলেন, “রাতে আকাশে ড্রোন দেখে মানুষজন জড়ো হয়ে যায়। পরে প্রশাসনকে জানানো হয়। সবাই ধারণা করছে এগুলো মিয়ানমারের দিক থেকেই এসেছে।”

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ধরনের ড্রোন কার্যক্রম দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত করে উৎস শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, সীমান্তের কাছাকাছি এ ধরনের নজরদারি কার্যক্রম ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা এবং প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করা এখন সময়ের দাবি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন