মধ্যপ্রাচ্য সংকট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ০২:৫১
প্রেস ব্রিফিং করছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে সরকারি-বেসরকারি সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে সারা দেশে মার্কেট ও শপিংমল বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যকেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বাস্তবতায় জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে। নতুন সময়সূচি সরকারি ও বেসরকারি উভয় খাতেই সমানভাবে প্রযোজ্য হবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে রাতের বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় হবে বলে মনে করছে সরকার।
শুধু সময়সূচি পরিবর্তনেই সীমাবদ্ধ থাকছে না উদ্যোগ। আগামী তিন মাসের জন্য সরকারি ব্যয় সংকোচনের একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
নতুন কোনো যানবাহন, জলযান বা আকাশযান ক্রয় বন্ধ কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম কেনায় বিরতি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম ৫০ শতাংশ কমানো সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামানোএছাড়া জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় অন্তত ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অপ্রয়োজনীয় সরকারি ভ্রমণও সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা খাতেও কিছু পরিবর্তন আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিগগিরই আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।
মন্ত্রিসভার এই বৈঠকটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা চলে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আসতে পারে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন