বাংলাদেশ

জ্বালানি তেল সংকট

দৈনিক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ১৫:২০

প্রতীকী ছবি

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্বেচ্ছায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। রাজধানীসহ সারা দেশের দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারকে সহযোগিতা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো সরকারি নির্দেশনা নয়, বরং ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাই তা মেনে চলবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ও মহানগর কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হবে এবং জাতীয় সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা যাবে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত কিছু প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি, কাঁচাবাজার ও অন্যান্য জরুরি সেবাদানকারী দোকান।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকট মোকাবিলায় এমন উদ্যোগ সাময়িক স্বস্তি দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।

বাংলাদেশ থেকে আরো পড়ুন