বাংলাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কতা

‘সপ্তাহে দুই দিন হোম অফিস’ সংক্রান্ত ভুয়া পরিপত্র ভাইরাল

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ১৩:৪৬

সপ্তাহে দুই দিন হোম অফিস চালুর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্রকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা উল্লেখ করে প্রচারিত এই তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক মাধ্যমে যে স্মারকটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশনা জারি করা হয়নি। জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নম্বর উল্লেখ করে ছড়ানো চিঠির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা চলছিল। কর্মকর্তারা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, আংশিক হোম অফিস, অফিস সময়সূচি পরিবর্তনসহ কিছু প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই পরিস্থিতির মধ্যেই ভুয়া পরিপত্র ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং যেকোনো সরকারি সিদ্ধান্তের জন্য কেবল আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় নিয়ে সরকার চিন্তাভাবনা করলেও, যাচাইবিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন