জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইট এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশে জ্বালানি সরবরাহ চেইনে বিঘ্নের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা ও সমর্থন কামনা করেন।
জবাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বাংলাদেশের অনুরোধ গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট মার্কিন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশে নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন