বাংলাদেশ

হাদি হত্যাকাণ্ড

ইন্টারপোলের চিঠির জবাব দেয়নি ভারত

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ২৩:০১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের দেশে ফিরিয়ে আনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত ভারত কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, ভারতে গ্রেপ্তার হওয়া এই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ফেরাতে বাংলাদেশ পুলিশের এনসিবি শাখা ইন্টারপোলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো ইতিবাচক জবাব পাওয়া যায়নি।

এদিকে, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ এখনো ‘কনস্যুলার অ্যাক্সেস’ও পায়নি। ফলে বিষয়টি এখন কূটনৈতিক পর্যায়ে সমাধানের চেষ্টা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় আসামিদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং বিষয়টি উচ্চপর্যায়ে তোলা হয়েছে।

জানা গেছে, আগামী ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিল্লি সফরে এই ইস্যুটি দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব পেতে পারে। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আসামি প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র বলছে, ভারতীয় কর্তৃপক্ষ বর্তমানে গ্রেপ্তার আসামিদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের হস্তান্তর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে না ভারত।

উল্লেখ্য, গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে আটক করে ভারতীয় পুলিশ। পরে দেশটির জাতীয় তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক সাড়া মিললে দ্রুতই আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন