রোহিঙ্গা প্রত্যাবাসন
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ১৭:০৫
রোহিঙ্গা ঢল
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও মিয়ানমারের চলমান সংঘাতের কারণে তা এখনো শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ পর্যন্ত ৩ লাখ ৫৪ হাজার ৭৫১ জন রোহিঙ্গার তথ্য যাচাই সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে পাঠানো মোট ৮ লাখ ২৯ হাজারের বেশি রোহিঙ্গার তালিকার মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ ধাপে ধাপে যাচাই কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে দেশটির সাবেক বাসিন্দা হিসেবেও শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাত এবং সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াইয়ের কারণে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। ফলে যাচাই শেষ হলেও বাস্তবে প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না।
সরকারের পক্ষ থেকে এ সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরা হচ্ছে।
এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে চলমান রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার অগ্রগতিকেও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। মামলার আইনি প্রক্রিয়ায় সহায়তাও দেওয়া হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতের অভিজ্ঞতায় বাংলাদেশ সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন করেছে। বর্তমান পরিস্থিতিতেও আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে একটি টেকসই সমাধান সম্ভব।
তিনি স্পষ্ট করেন, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন