প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ০০:১০
সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত প্রস্তাবকে বিধিবহির্ভূত উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, যে প্রক্রিয়ায় মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়া হয়েছে তা সংসদীয় বিধি অনুযায়ী হয়নি। তিনি স্পষ্টভাবে প্রশ্ন তোলেন—সংসদ কি আবার আগের ‘কালচারে’ ফিরে যাবে?
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে হলে নির্ধারিত বিধি মেনে চলতে হয়। কিন্তু এখানে নোটিশের ভাষা ও পদ্ধতিতে কারিগরি ত্রুটি রয়েছে। তিনি স্পিকারকে বিষয়টি সংশোধন বা নতুন করে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মুলতবি প্রস্তাবের মাধ্যমে সংবিধান সংশোধন বা আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি আলোচনা করা সংসদীয় বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বিষয়ে পৃথকভাবে আলোচনা ও নির্ধারিত প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিতে হবে।
বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সংসদে আলোচনা অবশ্যই হবে, তবে তা হতে হবে নিয়ম মেনে। তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব দিয়ে বলেন, সংবিধান সংস্কারের মতো বিষয়ে সরকার ও বিরোধী দলসহ সব পক্ষকে নিয়ে একটি সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। সেখানে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে জনগণের প্রত্যাশা ও গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত।
বক্তব্যের শেষে তিনি স্পিকারের কাছে সিদ্ধান্ত চেয়ে বলেন, সংসদ কি জরুরি ইস্যু হিসেবে এটি নিয়ে বিতর্কে যাবে, নাকি নির্ধারিত প্রক্রিয়ায় কমিটি গঠন করে বিষয়টি এগিয়ে নেওয়া হবে—সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন