ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে এটি চতুর্থ দফার চালান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দেশ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সূত্র জানিয়েছে, পাইপলাইনের মাধ্যমে এই চালান গন্তব্যে পৌঁছাতে সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। সে হিসেবে আগামী ৩১ মার্চের মধ্যে পুরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর টার্মিনালে পৌঁছানোর কথা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে সম্প্রতি আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ সম্পন্ন হয়েছে। ফলে চলতি বছরে চার দফায় মোট প্রায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে।
এই জ্বালানি তেল পার্বতীপুর ডিপো থেকে পদ্মা, মেঘনা ও যমুনা—রাষ্ট্রীয় তিন তেল বিপণন কোম্পানির মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু হওয়ার ফলে জ্বালানি পরিবহনে সময় ও খরচ দুটোই কমেছে। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেলপথে তেল আনতে ৬ থেকে ৭ দিন সময় লাগলেও এখন তা কয়েক দিনের মধ্যেই সরবরাহ সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৮ সালে এবং ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়।
দুই দেশের চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন