স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের সংবিধান সংস্কারে জনগণের প্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’কে ভিত্তি ধরা হবে। এ বিষয়ে একটি সংস্কার কমিটি গঠন করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবিধানে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি কমিটিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত সংশোধনীগুলো জাতীয় সংসদে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা হবে এবং পর্যায়ক্রমে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয়, এটি দায়িত্ব, ত্যাগ ও জনগণের সেবার প্রতীক।
অনুষ্ঠানে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের সনদপত্র প্রদান করা হয়। এ সময় পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনীতি থেকে আরো পড়ুন