রাজনীতি

তেল সংকটে কালোবাজারিরা সক্রিয়: অর্থমন্ত্রী

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ ১৮:২৩

জ্বালানি সংকটের মধ্যে কিছু অসাধু চক্র কালোবাজারির মাধ্যমে তেল বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে এবং বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি কিছুটা চাপে পড়েছে। তবে সরকার বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি দাবি করেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, বরং আগের তুলনায় কিছু ক্ষেত্রে বেশি সরবরাহও দেওয়া হচ্ছে। কিন্তু আতঙ্ক ছড়িয়ে কিছু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছে, যা সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।

অর্থমন্ত্রীর অভিযোগ, একটি চক্র অতিরিক্ত তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে এবং এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে এবং সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে। সংকট কাটাতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজনীতি থেকে আরো পড়ুন