বাংলাদেশ

পদ্মায় বাসডুবি: ১৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ০১:১৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেলে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় তলিয়ে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়। বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বাস ডুবে যাওয়ার সময় স্থানীয়রা আরও দুজনের মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে।

জানা গেছে, সৌহার্দ্য পরিবহনের বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘাট এলাকায় নিখোঁজদের স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন