নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল
বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এর আগে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে পদটি দীর্ঘদিন শূন্য ছিল। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র অ্যাডভোকেট। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার কারণে তিনি আইনজীবীদের মধ্যে সুপরিচিত ও জনপ্রিয়।
তিনি টানা তিন মেয়াদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইনজীবী হিসেবে তার পেশাগত জীবন শুরু হয় ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে। পরে ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন এবং ২০০৮ সালে আপিল বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান। ২০২৩ সালে তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মামলায় তিনি একাধিকবার বিশেষজ্ঞ মতামত প্রদান করেছেন। দেশের বিভিন্ন আলোচিত মামলায় তার অংশগ্রহণ আইনজীবী মহলে প্রশংসিত হয়েছে।
আইনের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সম্মেলনেও অংশ নিয়েছেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি যুক্তরাজ্য থেকেও আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন।
পেশাগত পরিচয়ের পাশাপাশি তিনি জাতীয় রাজনীতিতেও সক্রিয়। বিভিন্ন সময় আইনসংক্রান্ত নীতি নির্ধারণ ও সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আইন ও বিচার ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবীর নিয়োগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন