বাংলাদেশ

গেটম্যানদের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: র‌্যাব

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ১৫:১০

কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের অবহেলাকে দায়ী করেছে র‌্যাব। দুর্ঘটনার সময় তারা দায়িত্বস্থলে উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্ঘটনার সময় ওই ক্রসিংয়ে দায়িত্বে থাকা দুই গেটম্যানের কেউই সেখানে ছিলেন না। সংঘর্ষের পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান মো. হেলাল (৪১)-কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।

এর আগে ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত এবং ২৫ জন আহত হন।

ঘটনার পর নিহত এক যাত্রীর স্বজন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই ক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, রেলক্রসিংয়ে দায়িত্বে অবহেলা বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন