বাংলাদেশ

ব্রিজ ভেঙে নদীতে পড়ে নিহত ৪ শিশু, নিখোঁজ ২

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ ২০:০৩

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে ড্রাম ব্রিজ ধসে পড়ার ঘটনায়। ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে শতাধিক মানুষ, এতে অন্তত চার শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজ ও আশপাশের এলাকায় মানুষের ব্যাপক ভিড় হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকলেও প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় সেটি ব্যবহার চলছিল। শনিবার বিকেলে অতিরিক্ত মানুষের চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ব্রিজটি ধসে পড়ে নদীতে।

দুর্ঘটনার সময় ব্রিজে থাকা অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন