বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ ১২:৪১

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন।

ঈদের প্রধান জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দানকে পুরোপুরি প্রস্তুত করা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অযু ও নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়। এছাড়া ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা, পর্যাপ্ত অযুখানা এবং মেডিকেল টিমের সুবিধাও নিশ্চিত করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজারের বেশি নারী অংশ নেন। জাতীয় ঈদগাহে এভাবেই দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন