ঈদযাত্রা
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ ১২:৫৭
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়া ও অতিরিক্ত যান চলাচলের কারণে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যান চলাচল করছে, ফলে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বুধবার মধ্যরাত থেকে রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত সড়কে ধীরগতি শুরু হয়। বৃহস্পতিবার সকাল গড়িয়েও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বিশেষ করে এলেঙ্গা থেকে সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত দীর্ঘ অংশে কোথাও থেমে থেমে যানজট, আবার কোথাও ধীরগতিতে গাড়ি চলতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে সড়কের বিভিন্ন স্থানে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ে। এসব যান দ্রুত সরানো সম্ভব না হওয়ায় পেছনে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। পরে বিকল গাড়ি সরিয়ে নেওয়া হলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে স্বাভাবিক গতি ফিরে আসেনি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কোথাও স্থায়ী যানজট নেই, তবে চাপ অত্যন্ত বেশি হওয়ায় গাড়ি ধীরে চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
যাত্রীরা জানান, স্বল্প দূরত্ব অতিক্রম করতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের নিয়ে যাত্রীরা চরম কষ্টে পড়েছেন। অনেক বাসে খাবার ও পানির সংকটও দেখা দিয়েছে।
পুলিশের আশা, যানবাহনের চাপ কমলে এবং বিকল গাড়ি না থাকলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন