বাংলাদেশ

চলন্ত মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনের

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ১২:৪৮

বগুড়ার শেরপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তিন শিশুসহ আরও অন্তত ৯ যাত্রী।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাস চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছে শিশু ও নারীসহ বেশ কয়েকজন, যাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবোঝাই মাইক্রোবাসটি ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। আগুনের তীব্রতায় অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে চালক গাড়ির ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন