বাংলাদেশ

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগে কুর্মিটোলা ডিপোতে তদন্ত দল

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ১২:৪৫

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে রাজধানীর কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে নেওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে পদ্মা অয়েল পিএলসি। এ বিষয়ে সংস্থাটির একটি বিশেষ দল ডিপো পরিদর্শন করেছে।

শনিবার সকাল থেকে তদন্ত দল কুর্মিটোলা ডিপোতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তেলবাহী গাড়ির তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

তদন্ত দলে পদ্মা অয়েলের উপমহাব্যবস্থাপক নিরীক্ষা ও অভ্যন্তরীণ অডিট প্রধান মো. শফিউল আজম, ব্যবস্থাপক পেয়ার আহাম্মদ এবং প্রকৌশলী কে এম আবদুর রহিম রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ছেড়ে আসা জেট ফুয়েলবাহী কয়েকটি গাড়ি কাগজে কুর্মিটোলা ডিপোতে পৌঁছেছে দেখানো হলেও বাস্তবে সেগুলো পৌঁছায়নি বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত দল গাড়িগুলোর গতিপথ ও ডিপোতে প্রবেশ সংক্রান্ত তথ্য যাচাই করছে।

এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। ডিপোতে থাকা জ্বালানির পরিমাণও মাপা হয়েছে।

পদ্মা অয়েলের কর্মকর্তারা জানান, জেট ফুয়েল মূলত বিমানের জ্বালানি হিসেবে ব্যবহৃত হলেও এটি অবৈধভাবে অকটেনের সঙ্গে মিশিয়ে খোলা বাজারে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি পুরনো সিন্ডিকেটের দিকেও তদন্তের নজর দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন