বাংলাদেশ

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১৮:৫৫

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মরদেহ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও চারজনের মরদেহ রাখা হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা কাউকে জীবিত পাননি।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন