রাজনীতি

রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১২:৪৬

আসিফ মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ

রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন দলটির নেতা কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা। তারা জানান, সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে জনগণের দাবি তুলে ধরতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।

দলটির উত্থাপিত তিনটি প্রধান দাবি হলো সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা।

এনসিপি নেতারা বলেন, রাষ্ট্র ও সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এসব দাবি জরুরি। একই সঙ্গে তারা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে নতুন স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

রাজনীতি থেকে আরো পড়ুন