বাংলাদেশ

হত্যাকাণ্ডের পর তাণ্ডব, ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগে অন্তত ৪০ বাড়ি ক্ষতিগ্রস্ত

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৩:৩০

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে অন্তত ৪০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পর সন্ধ্যার আগ মুহূর্ত থেকে রাত পর্যন্ত প্রতিশোধমূলক হামলা চালানো হয় প্রতিপক্ষ হাসান মুন্সীর সমর্থকদের বাড়িঘরে।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং আরও কমপক্ষে ২০টি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হামলাকারীরা ইট ও গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখায় আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবারের হত্যাকাণ্ড সেই উত্তেজনাকে নতুন করে সহিংসতায় রূপ দেয়।

এ ঘটনায় মাসুদ ব্যাপারী নামে একজনকে আটক করা হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন