চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার বিকেলে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হারুয়ালছড়ি ইউনিয়নের হাজিরখালি গ্রামের নয়ন উরাং, উত্তম উরাং ও তপু কর্মকার। তারা সবাই নির্মাণশ্রমিক ছিলেন এবং একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে চট্টগ্রামমুখী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একটি বৌভাত অনুষ্ঠান থেকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফিরছিল। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, অপরিকল্পিত সড়কের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন