বাংলাদেশ

তেলের ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ ২০:১৬

দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি তেল সরবরাহ ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন তেল ডিপো থেকে ডিলারদের আকস্মিকভাবে বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী সব ক্ষেত্রে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে করে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর তথ্যমতে, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে চাপ বাড়তে পারে।

সরকার বলছে, এসব ডিপো দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানির প্রধান স্থাপনাগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন