মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব রুটে ৮ মার্চ পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং যাত্রীদেরও বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। এর আগে ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট।
বিমান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে বড় ধরনের প্রভাব পড়ে।
পরিসংখ্যান অনুযায়ী, এই পরিস্থিতির কারণে গত কয়েক দিনে ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমান কর্তৃপক্ষ যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন