বাংলাদেশ

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ০৪:১১

আলোচিত পাগলা মসজিদ

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মহল ও বিভিন্ন মহল। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর এমন হামলাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলাম ঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত সাংবাদিকরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, পাগলা মসজিদে প্রতিদিন আসরের নামাজের পর দানবাক্সে পাওয়া বিভিন্ন সামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র কম দামে এসব সামগ্রী কিনে নেওয়ার অভিযোগ রয়েছে। ওই নিলাম প্রক্রিয়া নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক।

এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেটের লোকজন হঠাৎ করে তাদের ঘিরে ফেলে এবং হামলা চালায়। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হামলার সময় মসজিদ কর্তৃপক্ষের কেউ কেউ সাংবাদিকদের সহায়তায় এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। এমনকি সংশ্লিষ্টদের কেউ কেউ ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের নেতারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহে জীবন ও মনা নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাব।

বায়ান্ননিউজ২৪/আবির

বাংলাদেশ থেকে আরো পড়ুন