বাংলাদেশ

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল

শাহজালালে বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ০৫:১৯

মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে ওই অঞ্চলে যাওয়ার প্রায় সব ফ্লাইট বাতিল হয়েছে। ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ শনিবার রাতজুড়ে আটকা পড়েন হাজারো প্রবাসী যাত্রী। সঙ্গে ছিলেন তাদের স্বজনরাও।

বিভিন্ন জেলা থেকে সকালেই ঢাকায় এসে পৌঁছান অনেকেই। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বিমানবন্দরে এলেও কাউন্টারে গিয়ে জানতে পারেন, ফ্লাইট স্থগিত। কিন্তু কখন উড়বে, আদৌ উড়বে কি না সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা না থাকায় তৈরি হয় অনিশ্চয়তা।

ভিসা ও সংযোগ ফ্লাইট নিয়ে শঙ্কা

কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইতালিগামী ট্রানজিট যাত্রীদের উদ্বেগ সবচেয়ে বেশি। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পারলে পুরো প্রক্রিয়া নতুন করে করতে হতে পারে, যা বড় আর্থিক ক্ষতির কারণ হবে বলে আশঙ্কা করছেন তারা।

সংযোগ ফ্লাইটের সময়সীমা পেরিয়ে গেলে টিকিট পুনর্নির্ধারণ নিয়েও জটিলতা তৈরি হতে পারে।

যাত্রীদের ক্ষোভ, স্পষ্ট তথ্যের অভাব

অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগ, বিকেল থেকে তারা টার্মিনালে অবস্থান করলেও সমন্বিত ও পরিষ্কার তথ্য পাচ্ছেন না। ফ্লাইট চালু হবে কি না এই বিষয়ে দ্রুত ঘোষণা চেয়েছেন তারা।

অনেকে দ্বিধায় পড়েছেন ঢাকায় থেকে যাবেন, নাকি নিজ নিজ জেলায় ফিরে যাবেন। দীর্ঘ অপেক্ষায় শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

বিমান ও কর্তৃপক্ষের নির্দেশনা

ফ্লাইট স্থগিতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলাএয়ারলাইন্স। তারা জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরে না এসে আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকতে পারে।

মন্ত্রীদের পরিদর্শন

পরিস্থিতি পর্যবেক্ষণে সন্ধ্যায় বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রয়োজনে হোটেল, খাবার ও আপডেট তথ্য দেওয়ার কথাও বলেন।

রাতে যাত্রীদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। তিনি জানান, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আটকে পড়া যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণ অগ্রাধিকার দিচ্ছে।

প্রবাসীদের রাতযাপনের ব্যবস্থা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের প্রবাসী কল্যাণ ডেস্ক বা নির্ধারিত লাউঞ্জে যোগাযোগ করতে বলা হয়েছে।

কূটনৈতিক তৎপরতা

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে প্রবাসীদের নিরাপত্তা ইস্যুতে জরুরি বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মিশনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। দ্রুত ও স্পষ্ট ঘোষণা এখন প্রবাসীদের প্রধান প্রত্যাশা।

বাংলাদেশ থেকে আরো পড়ুন