বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:২৬

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনায় আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ওই অঞ্চলে বিমানের সব নির্ধারিত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত নিরাপত্তা বিবেচনায় জানানো হবে।

এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কয়েকটি দেশ আকাশসীমায় সতর্কতা জারি করেছে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলো বিকল্প রুট ব্যবহারের বিষয়েও আলোচনা করছে বলে জানা গেছে।

হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় প্রবাসী কর্মী ও যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের টিকিট পরিবর্তন ও ফেরতের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন