বাংলাদেশ

দাদীকে হত্যা করে কিশোরী নাতনিকে ধর্ষণের পর হত্যা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৩৮

স্বজনদের আহাজারি

পাবনার ঈশ্বরদীতে পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুফিয়া খাতুন ৬৫ এবং তার নাতনি জামিলা আক্তার ১৫। তারা একই বাড়িতে বসবাস করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, সকালে বাড়ির উঠান থেকে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের সরিষাক্ষেত থেকে কিশোরীর মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা গেলেও কিছু সময় পর তা থেমে যায়। সকালে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরীকে তুলে নেওয়ার সময় বাধা দিলে দাদিকে হত্যা করা হয়। এরপর কিশোরীকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।

প্রণব কুমার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বলেন ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা বাড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ থেকে আরো পড়ুন