বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক রদবদল এবং সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের প্রস্থান নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংক্ষিপ্তভাবে বলেন, কিছুই বলার নেই।
বিকাল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দফতরে উপস্থিত হন নতুন গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টার দিকে অর্থমন্ত্রী ও গভর্নর একসঙ্গে কক্ষ ত্যাগ করেন।
সদ্য বিদায়ী গভর্নরকে সরিয়ে দেওয়ার কারণ, প্রক্রিয়ার স্বচ্ছতা কিংবা সিদ্ধান্তের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী নির্দিষ্ট কোনও ব্যাখ্যা দেননি। প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি একই মন্তব্য করেন।
নতুন গভর্নর মোস্তাকুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
উল্লেখ্য, আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন