একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আপিলের শুনানি শেষে এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ একই মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে খান আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে উল্লেখ ছিল, তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয় অভিযোগের পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিন অভিযোগের একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সিরাজুল হকের মৃত্যুদণ্ড এবং আকরামের আমৃত্যু কারাদণ্ডাদেশ ঘোষণা করা হয়। অপর আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।
পরে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেন আপিল বিভাগে আপিল করেন। গত ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল। সেই ধারাবাহিকতায় আপিল বিভাগ তাকে খালাস দেন।
রায় ঘোষণার পর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই হতাশা প্রকাশ করে বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে এমন রায় নতুন করে প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন