বাংলাদেশ

আবারও ভূমিকম্প, ফেব্রুয়ারির ২৬ দিনে ৯ বার কাঁপলো দেশ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:০৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে আতঙ্কিত হয়ে অনেকে বাসা ও অফিস থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র এর তথ্য অনুযায়ী, আজকের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এর আগে বুধবার রাত ১০টা ৫১ মিনিটে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২৯ কিলোমিটার গভীরে।

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে দেশে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার ভূকম্পন রেকর্ড করা হয়। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

আজকের ঘটনাসহ ফেব্রুয়ারিতে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে মোট ৯ বার ভূমিকম্প অনুভূত হলো।

তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘন ঘন কম্পনে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় সচেতনতা ও প্রস্তুতি জোরদার করা জরুরি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন