প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ০৬:১২
ছবি: সংগৃহীত
ইসলামি সহযোগিতা সংস্থা (ও্আইসি) এর জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে সৌদি আরবের পথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার রাতেই তাদের জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুই কর্মকর্তা সঙ্গী হচ্ছেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর।
আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠেয় বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা এবং ওই এলাকাকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান ও করণীয় নির্ধারণে জোর দেওয়া হবে।
কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকের ফাঁকে বিভিন্ন সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে শনিবার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
ইসরায়েলের সাম্প্রতিক সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনি ভূখণ্ডের বিদ্যমান অবস্থার পরিপন্থী হিসেবে দেখছে ওআইসি। সংস্থাটি মনে করছে, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে আরও জটিল করে তুলতে পারে। জরুরি বৈঠকে দখলদারত্বের অবসান এবং কূটনৈতিক উদ্যোগ জোরদার করার পথ নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন