বাংলাদেশ

মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশনগুলোতে আগে নির্বাচন: মির্জা ফখরুল

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৫৬

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোতে আগে নির্বাচন আয়োজন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সে সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগের বিষয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্বে থাকলে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে এবং সেবা প্রদান আরও কার্যকর হবে বলে সরকার মনে করে। তবে দলীয় প্রতীকে নির্বাচন হওয়া উচিত কি না, সে বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কত সময়ের মধ্যে শেষ করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতেই পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে নতুন নিয়োগপ্রাপ্ত ছয় প্রশাসক এলজিআরডি মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন। তারা মশা নিধন, যানজট নিরসন, সড়ক মেরামতসহ নগরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে ৬০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণের কথাও জানান তারা।

বাংলাদেশ থেকে আরো পড়ুন