ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই নির্বাচন কমিশন মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটিই সবচেয়ে বড় প্রশাসনিক পুনর্বিন্যাস। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ একাধিক স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই মাঠপর্যায়ে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একই দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠকও হয়েছে। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যৎ নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসন আরও সক্রিয় ও সমন্বিত করা হচ্ছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন